নতুন সরকারের অধীনে আজ প্রথমবারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের এজেন্ডায় রয়েছে মোট ১৭টি প্রকল্প, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। এর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৯টি।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

প্রচলিত নিয়ম ভেঙে পরিকল্পনা কমিশনের পরিবর্তে এবার সচিবালয়ে একনেক সভা আয়োজন করা হচ্ছে। রোববার রাতে হঠাৎ করেই ভেন্যু পরিবর্তনের তথ্য জানানো হয়।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, করতোয়া নদী পুনরুদ্ধারে প্রায় ১১০০ কোটি টাকার একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এছাড়া সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। সীমান্ত সড়ক নির্মাণে প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ৬৬৬ কোটি টাকা। রাজধানী ঢাকার পানি সরবরাহ প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। তবে পদ্মা ব্যারেজ প্রকল্পটি এজেন্ডায় রাখা হয়নি।

উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একনেক পুনর্গঠন করা হয়। কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।